চরতারাপুর পাউবো বরোপিটে পোনামাছ অবমুক্তকরণ
এম এ আলিম রিপনঃ পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের শুকচর বাগছিডাঙ্গি ব্রীজ হতে কোলচুরী ব্রীজ পর্যন্ত পাউবো বরোপিট (অংশ-১) এবং কাচিপাড়া ব্রীজ হতে আমিন উদ্দিন মাষ্টারের বাড়ি পর্যন্ত পাউবো বরোপিট অংশে জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় এবং সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে প্রদর্শনী মৎস্য খামার স্থাপনের লক্ষ্যে পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
গত রবিবার সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে ও চরতারাপুর ইউপি চেয়ারম্যান রবিউল হক টুটুলের সভাপতিত্বে অনুষ্ঠিত পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা মৎস্য দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মোঃ আয়নাল হক। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা গোলাম মওলা রাসেল, উপ-সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে বকুল খান, মোয়াজ্জেম হোসেন বিশ্বাস, ইউপি সদস্য আলতাফ হোসেন, দলপতি জাহাঙ্গীর বিশ্বাস, সামছুল হক বাবু প্রমুখ।
এর আগে অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন পাবনা সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কামরুল হাসান সরকার। পরে অতিথিবৃন্দ পাউবো বরোপিট অংশে পোনা মাছ অবমুক্তকরণ করেন।
সংশ্লিষ্ট মৎস্য দপ্তর সুত্রে জানাযায় পাউবো বরোপিট অংশে জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় পাউবো বরোপিট অংশে সর্বমোট ৫৪০ কেজি রুই, কাতলা ও মৃগেল প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ করা হয়। এছাড়া একই দিনে উক্ত প্রকল্পের আওতায় উপকরণও বিতরণ করেন অতিথিবৃন্দ।




No comments