দুবলিয়ায় অনি হত্যাকান্ডের পর এবারে তার পিতা-মাতাকেও আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা
এম এ আলিম রিপনঃ পাবনা সদর উপজেলা ও আতাইকুলা থানার সাদুল্লাপুর ইউনিয়নের দুবলিয়া উচ্চ বিদ্যালয়ের স্কুল ছাত্র আশিক মাহমুদ অনি (১৫) হত্যার এক বছর যেতে না যেতেই শুক্রবার দিবাগত রাত ২টা দিকে তার বাড়ীতে আগুন দিয়ে পরিবারের অন্যান্য সদস্যদেরকেও পুড়িয়ে হত্যার চেষ্টা করা হয়েছে।
অনির পিতা রবিউল ইসলাম জানান, রাতে স্ত্রী ও তার আরেক ছেলে অভি সহ পরিবারের অন্যান্য সদস্যরা ঘরে ঘুমিয়ে ছিলেন। এ অবস্থায় বাড়ীর সকল ঘরের দরজা, বাইরে থেকে বন্ধ করে দিয়ে দুর্বৃত্তরা পেট্রোল দিয়ে ঘরে আগুন ধরিয়ে দেয়। এ সময় তারা টের পেয়ে চিৎকার দিলে আশপাশের বাড়ীর লোক জন এসে ঘরের দরজা খুলে তাদেরকে উদ্ধার করে । পরে সুজানগর দমকল বাহিনী গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
অগ্নিকান্ডের এ ঘটনায় দুইটি নতুন মোটর সাইকেল ঘরে থাকা নগদ টাকা সহ সবকিছু পুড়ে যায়। ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজন জানান ছেলে অনি হত্যার সাথে জড়িতরা অনির পর এবার আমাদেরকেও স্বপরিবারকে হত্যার চেষ্টা করেছে। আতাইকুলা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) কামরুল ইসলাম ইসলাম জানান তদন্তপূর্বক এ ঘটনার সাথে জড়িতদের খুজে বের করে তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।
উল্লেখ্য নিখোঁজ হওয়ার ৩দিন পর গত বছরের নভেম্বর মাসের ৩০ তারিখে দুবলিয়া পুলিশ ক্যাম্পের পাশে মাঠের একটি হলুদ ক্ষেতের মাটির নিচে থেকে অনির ক্ষত বিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ হত্যাকান্ডের পরপরই অনির পিতা রবিউল ইসলাম কয়েকজনে অভিযুক্ত করে থানায় একটি হত্যা মামলা করে এবং বর্তমানে মামলাটি আদালতে চলমান রয়েছে।
এদিকে অগ্নিকান্ডের এ ঘটনার নিন্দা জানিয়ে স্থানীয় এলাকাবাসী এ ঘটনার সাথে জড়িতদের আটক করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট প্রশাসনের নিকট।





No comments