সুজানগরে অসচ্ছল বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের মাঝে ভাতা বহি বিতরণের উদ্বোধন
এম এ আলিম রিপনঃ সুজানগর উপজেলার অসচ্ছল বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ভাতা বহি বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ হলরুমে ভাতা বহি বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা ২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির।
উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। অন্যদের মাঝে বক্তব্য রাখেন, নাজিরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান খান ও ভায়না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিন উদ্দিন।
এর আগে অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) সিরাজুল ইসলাম। সুজানগর সমাজ সেবা কার্যালয় সুত্রে জানা যায় এবারে নতুন করে ৯৪৫ জন বয়স্ক,৩৩২ জন বিধবা ও ২৮৬ জন প্রতিবন্ধী ব্যক্তি’র মধ্যে এ ভাতা বহি বিতরণ করা হয়।
আর বর্তমানে সুজানগর পৌরসভা সহ ১০টি ইউনিয়নের সর্বমোট ৮২৮৬ জন বয়স্ক,৩৭৯১ জন বিধবা এবং ১৯৪৯ জন প্রতিবন্ধী ব্যক্তি এ ভাতা বহি এর মাধ্যমে সরকার থেকে প্রাপ্ত সুবিধা ভোগ করবেন। আর এতে করে একজন বয়স্ক ও বিধবা ব্যক্তি প্রতি মাসে ৫০০ টাকা করে এবং প্রতিবন্ধী ব্যক্তি প্রতি মাসে ৭০০টাকা করে সরকার থেকে প্রাপ্ত হবেন।




No comments