“আশার” খাদ্য সহায়তা পেলো সুজানগরের দুইশত কর্মহীন অসহায় পরিবার
এম এ আলিম রিপনঃ সুজানগরে “আশার” উদ্যোগে কর্মহীন অসহায় দরিদ্র মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকারি নির্দেশনায় গণপরিবহন, হাট-বাজার ও দোকান-পাট বন্ধ থাকার কারণে কর্মহীন হয়ে পড়েছে শ্রমজীবীরা। এর কারণে খাদ্য সংকটে পড়া সুজানগরের কর্মহীন এ সকল মানুষদের জন্য সরকারের পাশাপাশি খাদ্য সহায়তা নিয়ে এগিয়ে এসেছে বেসরকারি উন্নয়ন সংস্থা “আশা”।
উপজেলা প্রশাসনের মাধ্যমে সংস্থাটি এ খাদ্য সহায়তা প্রদান করে। রবিবার অসহায়দের মাঝে প্রধান অতিথি হিসাবে এ খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সুজানগর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) উম্মে তাবাসসুম। এ সময় আশার এডিশনাল ডিভিশনাল ম্যানেজার এস,এম আবু দাউদ, রিজিওনাল ম্যানেজার সুশান্ত কুমার দাশ, শাখা ব্যবস্থাপক মোঃ আবদুল্লাহ, সহঃ শাখা ব্যবস্থাপক শ্রী কৃষ্ণ চক্রবর্তী, সিনিয়র লোন অফিসার আলমগীর হোসেন ও এসএলও হারুনর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
বিতরণকৃত প্রতিটি প্যাকেটে ছিল চাল ১০ কেজি, আলু ২ কেজি, ডাল ২ কেজি, তেল ২ লিটার ও ১ কেজি লবণ। বিতরণকালে আশার এডিশনাল ডিভিশনাল ম্যানেজার এস,এম আবু দাউদ ও রিজিওনাল ম্যানেজার সুশান্ত কুমার দাশ বলেন দেশের সকল জেলা ও উপজেলায় করোনায় কর্মহীন শ্রমজীবী, খেটে খাওয়া, হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষদের মাঝে জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে আশার খাদ্য সহায়তা প্রদানের অংশ হিসাবে সুজানগর শাখার পক্ষ থেকেও স্থানীয় অসহায় দুইশত পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী প্রদান করা হয়।
এ ব্যাপারে সুজানগর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) উম্মে তাবাসসুম বলেন আশার থেকে প্রাপ্ত ২’শত প্যাকেট খাদ্য সামগ্রী সুজানগরের কর্মহীন দরিদ্রদের মাঝে বিতরণ করা হয়। এবং আশা করি আশার মতো অন্যান্য বেসরকারি উন্নয়ন সংস্থা ও সমাজের বিত্তবান মানুষ যার যার সামর্থ্য অনুয়াযী এই পরিস্থিতি মোকাবেলায় জনগনের পাশে এগিয়ে আসবেন।





No comments