সুজানগরে ডেঙ্গু আতঙ্কে মশারি কেনার ধুম
এম এ আলিম রিপনঃ সুজানগরে ডেঙ্গু আতঙ্কে মশারি কেনার ধুম পড়েছে। বাজারের দোকানের পাশাপাশি ভ্রাম্যমান মশারি বিক্রেতাদের কাছ থেকেও স্থানীয় মানুষেরা কিনছেন এ মশারি। মঙ্গলবার কুষ্টিয়া থেকে সুজানগরে ভ্রাম্যমানভাবে মশারি বিক্রি করতে আসা আব্দুল মালেক বলেন আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরণের জিনিসপত্র বিক্রি করে থাকি তবে বর্তমানে দেশে ডেঙ্গু ছড়িয়ে পড়ায় তারা মশারি বিক্রি করছেন। এ সময় আনিছ নামে অপর এক বিক্রেতা জানান বর্তমানে মশারির ব্যাপক চাহিদা থাকায় বিক্রি খুব ভাল হচ্ছে।আর প্রতিটি মশারি ২৫০ টাকা থেকে শুরু করে ৫০০টাকা পর্যন্ত তারা বিক্রি করছেন।
ভ্রাম্যমান দোকান থেকে মশারি কিনতে আসা নির্মাণ শ্রমিক কামাল হোসেন নামক এক ব্যক্তি জানান বাড়িতে এতদিন ঘরে কয়েল জালিয়ে মশা তাড়ানোর চেষ্টা করেছি কিন্তু বর্তমানে দেশে ডেঙ্গুর কথা শুনে এখন আবার মশারি কিনতে হচ্ছে।এ সময় তিনি আরো বলেন বাজারের বড় বড় দোকানে মশারির দাম বেশি হওয়ায় ভ্রাম্যামান এ দোকান থেকেই কম দামে তিনি মশারি কিনছেন। সুজানগর বাজারের কাপড় ব্যবসায়ী আব্দুর রহমান জানান দোকানে আগে যেখানে মাসে ৮০ থেকে ১০০টি মশারি বিক্রি হতো বর্তমানে ডেঙ্গু আতঙ্কে একদিনেই বিক্রি হচ্ছে প্রায় ৫০টি মশারি।
সুজানগর হাসপাতালের আরএমও ডাঃ সেলিম মোরশেদ জানান এডিস মশা কিংবা ডেঙ্গু নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই, এখন পর্যন্ত পরীক্ষা নিরীক্ষার পর যে কয়েকজনের ডেঙ্গু জ¦র ধরা পড়েছে তারা সবাই ঢাকা থেকে আক্রান্ত। তবে বর্তমানে সুজানগর হাসপাতালে কোন ডেঙ্গু রুগী ভর্তি নেই বলে জানান তিনি।
এদিকে ডেঙ্গুরোধে সকলকে সচেতন ও সতর্ক হওয়ার আহবান জানিয়ে সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন বলেন শুধু হাট-বাজার, বিভিন্ন ধরণের প্রতিষ্ঠান পরিস্কার-পরিচ্ছন্ন করেই ডেঙ্গু বা মশা নিধন করা সম্ভব নয়। এ মশার উৎপত্তি ঘরেও হতে পারে। তাই সকল স্থানেই পরিস্কার-পরিচ্ছন্নতার বিষয়ে সবাইকে সজাগ হতে হবে। তিনিআরও বলেন, বাড়ির ভেতরের বাগান কিংবা ফুলের টবে জমে থাকা পানিতে মশা বংশবিস্তার করে। তাই মশার বংশবিস্তাররোধে প্রত্যেকের নিজ নিজ বাড়ি-ঘর পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। এডিশ মশার বংশবিস্তার রোধে আগে থেকেই ব্যবস্থা নিতে হবে। আর এটা সম্ভব হলে মশাবাহিত ডেঙ্গুসহ কোনোরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকবেনা।
সুজানগর উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ ডেঙ্গু প্রতিরোধে উপজেলার সকল সরকারী/বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের নিজ উদ্যোগে তাদের প্রতিষ্ঠান সহ সকলকে নিজ নিজ প্রাঙ্গন পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন ।
সুজানগর প্রেস ক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) ও মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শাহজাহান আলী মন্ডল এবং সুজানগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন বলেন ডেঙ্গুরোধে জনসচেতনতার কোন বিকল্প নেই।




No comments