সুজানগরের ইমাম-মুয়াজ্জিনরা পেলেন উপজেলা পরিষদের উপহার সামগ্রী
এম এ আলিম রিপনঃ করোনার প্রাদুর্ভাবের কারণে শ্রমজীবী, খেটে খাওয়া, হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষদের পাশপাপাশি মহা সংকটে পড়েছে মসজিদের ইমাম-মুয়াজ্জিনেরাও। প্রতি বছরের পবিত্র রমজান মাসেই বিভিন্ন ইফতার মাহফিল, দোয়া মাহফিল, পবিত্র কোরআন খতম ও তারাবী নামাজের মাধ্যমে উপার্জন করে থাকেন তারা বাড়তি কিছু টাকা।
কিন্তু পবিত্র রমজান মাসেই এ করোনার প্রাদুর্ভাব দেখা দেওয়ায় তাদের সে উপার্জন অনেকটাই বন্ধ হয়ে গেছে। তারা কাউকে লোক লজ্জায় না পারছে বলতে না পারছে অন্য কিছু করে খেতে। তাই বাধ্য হয়ে অপেক্ষার প্রহর গুণছিলেন কেউ তাদের সাহায্যে এগিয়ে আসছে কিনা।
এমতাবস্থায় সুজানগর পৌরসভার অন্তর্গত সকল মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের পাশে দাঁড়ালো সুজানগর উপজেলা পরিষদ। বৃহস্পতিবার (১৪ মে) উপজেলা পরিষদের পক্ষ থেকে তাদেরকে দেওয়া হয় উপহার সামগ্রী। উপজেলা পরিষদ হলরুমে ইমাম-মুয়াজ্জিনদের এ উপহার সামগ্রী তুলে দেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির ও সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন ।
এ সময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) উম্মে তাবাসসুম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মর্জিনা খাতুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, সুজানগর বাজার জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা রফিকুল ইসলাম, হাসপাতাল জামে মসজিদের পেশ ইমাম সিদ্দিকুর রহমান, উপজেলা জামে মসজিদের পেশ ইমাম আব্দুল মতিন, উপজেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান, পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ ও সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন প্রমুখ উপস্থিত ছিলেন।
উপহার সামগ্রী প্রদান কালে পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির ও উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন বলেন এই সংকটপূর্ণ মুহূর্তে ইসলাম আমাদের শেখায় মানবিক হতে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে। মানুষই হচ্ছে মানবতার মুক্তির দূত। আমাদের প্রিয় নবী বিশ্ব নবী হজরত মোহাম্মদ (সা.) মানবসেবার জন্য আরবের যুবকদের নিয়ে গঠন করেছিলেন হিলফুল ফুজুল।
দরিদ্র ও দুস্থদের সহায়তা করেছেন নিজের সর্বোচ্চটুকু দিয়ে। মানব সেবায় দৃষ্টান্ত স্থাপন করে গেছেন চুড়ান্ত পর্যায়ের। তাই তাঁরই দীক্ষায় একে অপরের কল্যাণ ও বিপদে-আপদে একে অন্যের পাশে থাকা ও সহযোগিতার হাত সম্প্রসারণ করাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত বলে জানান তারা। উল্লেখ্য সুজানগর পৌরসভার অর্ন্তগত ৪৫টি মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে এ উপহার সামগ্রী প্রদান করা হয় বলে সংশ্লিষ্ট সুত্রে জানাযায়।





No comments