সুজানগরের সকল ব্যবসা প্রতিষ্ঠান ও হোটেল-রেস্তোরা বন্ধ ঘোষণা
এম এ আলিম রিপনঃ করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে সুজানগর উপজেলার সকল হাট-বাজারসহ সকল খাবারের হোটেল, রেস্তোরা ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। শুধুমাত্র ঔষধের দোকান ও নিত্য প্রয়োজনীয় কাঁচাবাজার এই ঘোষণার বাইরে থাকবে। মঙ্গলবার(২৪ মার্চ) দুপুর থেকে ওই নির্দেশ কার্যকর করা হয়েছে।
এদিন সকালে সুজানগর বাজার বণিক সমিতির আহ্বায়ক ও পৌর মেয়র আলহাজ আব্দুল ওহাবের সভাপতিত্বে এবং বাজার বণিক সমিতির যুগ্ন আহ্বায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীনের সঞ্চালনায় বাংলাদেশে করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষ্যে সুজানগর বাজার বণিক সমিতির সভায় ওই সিদ্ধান্ত নেয়া হয়। সভায় বিশেষ প্রয়োজন ছাড়া সুজানগরের সড়ক সমূহে যানবাহন চলাচল না করা, বিয়ে-সাদী, ধর্মীয় অনুষ্ঠানসহ সামাজিক অনুষ্ঠান যেখানে জনসমাগম ঘটে এমন অনুষ্ঠান পরিহারের জন্য সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার(অতিঃদাঃ) আসিফ আনাম সিদ্দিকী, থানা অফিসার ইনচার্জ (তদন্ত) হাদিউল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আজম আলী বিশ্বাস, জেলা পরিষদের সদস্য রেজাউল করিম রেজা, প্রেসক্লাবের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী শাহজাহান আলী, পৌর কাউন্সিলর হাবিবুল্লাহ, চাল ব্যবসায়ী বাবলু কুমার শাহা, হোটেল মালিক রফিক বিশ্বাস ও আবুল কালাম প্রমুখ। সুজানগর বাজার বণিক সমিতির আহ্বায়ক ও পৌর মেয়র আলহাজ আব্দুল ওহাব এবং বাজার বণিক সমিতির যুগ্ন আহ্বায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন জানান, করোনা ভাইরাস মহামারি আকার ধারন করার আগেই আমরা জনগণকে সচেতন করতে উপজেলার সকলপর্যায়ের জনসাধারনকে উদ্বুদ্ধ করছি ।
পাশাপাশি এই ভাইরাস প্রতিরোধে জনসমাগম ঘটে এমন অনুষ্ঠানগুলোও পরিহার করার জন্য জনসাধারনকে আহ্বান জানানো হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (অতিঃদাঃ) আসিফ আনাম সিদ্দিকী জানান এই ভাইরাস প্রতিরোধে সর্বস্তরেরর পেশাজীবিদের সর্বাত্বক সহযোগিতা প্রয়োজন। এটা আমাদের জাতীয় স্বার্থেই করা হচ্ছে।




No comments