সুজানগরে গলাকাটা গুজবে শিক্ষা প্রতিষ্ঠানে বেড়েছে অভিভাবকের সংখ্যা, আতঙ্কিত না হওয়ার পরামর্শ প্রশাসনের
এম এ আলিম রিপনঃ সুজানগর পৌরসভা সহ উপজেলার ১০টি ইউনিয়নের জনসাধারনের মাঝে ছেলে ধরা বা গলা কাটা গুজবে বিশেষ করে স্থানীয় প্রাথমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীর সাথে বেড়েছে অভিভাবকের সংখ্যা। অভিভাবকেরা তাদের নিজেদের সন্তানদেরকে বিদ্যালয়ে সঙ্গে করে নিয়ে এসে বিদ্যালয় চত্বরে অবস্থান করেই ছুটি শেষে আবার সঙ্গে করে নিয়ে যাচ্ছেন নিজ সন্তানদের।
ভবানীপুর বিদ্যালয়ে নিজের শিশু সন্তানকে সঙ্গে করে নিয়ে আসা আসমা খাতুন নামে এক অভিভাবক এ প্রতিনিধিকে বলেন খুব চিন্তার মধ্যে আছি ভাই। একদিকে সংসারের কাজ আবার এর সঙ্গে দেশে ছেলে ধরার খবর শুনে এখন আবার সকল কাজ ফেলে রেখে বিদ্যালয়ে এসে সন্তানকে সময় দিতে হচ্ছে। ফিরোজ রানা নামক অপর এক অভিভাবক বলেন বিদ্যালয়ে নিজের সন্তানকে রেখে এসে অফিসে এসেও টেনশনে থাকতে হচ্ছে সবসময়। অপরদিকে এ ধরণের মিথ্যা গুজবে সুজানগর উপজেলার সকলকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন উপজেলা প্রশাসন।
উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন উপজেলাবাসীকে কোনরকম গুজবে ভয় না পাওয়ার দাবি জানিয়ে তিনি বলেন ছেলে ধরা গলা কাঁটা লোক বাচ্চাদের মাথা কেটে নিয়ে যাবে এমন তথ্য সম্পুর্ণ প্রশ্নবিদ্ধ আওয়াজ। কোনরকম বাজে গুজব মন্ত্রে কান না দেওয়ার অনুরোধ জানিয়ে তিনি আরো বলেন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঐসব গুজবে কোন উস্কানীদাতা ব্যক্তি জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠিনতর ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন আরো বলেন দলীয়ভাবে ওয়ার্ড থেকে শুরু করে উপজেলার সর্বস্থরের নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছি কোন রকম গুজবে কান না দেওয়ার জন্য। একটি অতি উৎসাহী মহল সমাজের নিরাপদ, শান্তিপ্রিয় মানুষদের মাঝে ভীতি ছড়ানোর জন্যে উঠেপড়ে লেগে আছে, ঐ গুজবের কাহিনি ঐ বিশেষ মহলের একটি পায়তারা মাত্র। এধরণের ঘটনা কোথাও ঘটেনি যেসব আওয়াজ হচ্ছে তা মূলত ছেলে ধরা বা গলা কাটার সাথে কোন সম্পর্ক নেই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিৎ দেবনাথ গুজব আতংকের ভিত্তিকে উড়িয়ে দিয়ে উপজেলাবাসীর উদ্দেশ্যে তিনি বলেন ছেলে ধরা, গলা কাঁটা এসব গুজব সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট। সকল শ্রেণি পেশার পিতা-মাতা আত্বীয়-স্বজনদের মাঝে এক ধরণের ভয় জড়িয়ে দেবার জন্যে এমন কানাঘুষা খোশগল্প চাউর হচ্ছে যার কোনরকম সত্যতা নেই। এরকম ভিত্তিহীন গল্প,বানোয়াট কাহিনীতে কান না দেবার অনুরোধ জানিয়েছেন।
পাবনা সিনিয়র সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) ফরহাদ হোসেন সকলের উদ্দেশ্যে তিনি জোরদাবী জানিয়ে বলেন আপনারা কোন রকম গুজবে কান দিবেন না। আমরা আপনাদের সেবায়,আপনাদের নিরাপত্তায় সদা-সর্বদা সজাগ আছি। গত কয়েকদিনে যেকয়টি ছেলে ধরা সন্দেহে অভিযোগ উঠেছে তার কোনটির বিন্দুমাত্র ভিত্তি নেই। ঘটনা ঘটেছে একরকম আওয়াজ হচ্ছে অন্য রকম। ভিন্ন রকম আওয়াজে আপনারা কেউ কান দিবেন না।
এ ব্যাপারে সর্বস্থরের লোকজনকে সতর্ক করবার জন্যে জনসমাগম স্থানে,হাটে-বাজারে,ঘাটে বিশেষভাবে ব্রিফিং করা হচ্ছে।এ গুজবটি একটি ভিত্তিহীন আওয়াজের অংশ মাত্র। সুজানগর থানা ইন্সপেক্টর (তদন্ত) হাদিউল ইসলাম জানান কেউ যদি অযথা এরকম অপপ্রচারের সাথে লিপ্ত থাকে উপযুক্ত প্রমাণ সাপেক্ষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সুজানগর প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) শাহজাহান আলী এবং সাধারণ সম্পাদক এম এ আলিম এ ধরণের মিথ্যা গুজবের বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করার পাশাপাশি মসজিদ,মন্দিরে মাধ্যমে স্থানীয় জনসাধারণকে অবগত করানোর পদক্ষেপ নিলে ভাল হয় বলে মন্তব্য করেছেন।




No comments