সুজানগর মহিলা কলেজে ছেলে ধরা গুজব সম্পর্কে সচেতনতামূলক সভা
এম এ আলিম রিপনঃ ছেলেধরা কিংবা কল্লাকাটা এগুলো স্রেফ গুজব। আর এ গুজবে কান দিয়ে গণপিটুনি দেওয়া ফৌজদারি অপরাধ। আইন কারও হাতে তুলে নেওয়া যাবেনা। সন্দেহ হলে তাৎক্ষণিক পুলিশকে জানাতে হবে। যারা এ ধরনের গুজব বা গণপিটুনিতে উস্কানি দেবে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন সুজানগর থানা ইন্সপেক্টর (তদন্ত) হাদিউল ইসলাম।
বৃহস্পতিবার দুপুর ১২ টায় সুজানগর মহিলা ডিগ্রি কলেজে কমিউনিটি পুলিশিং এর উদ্যোগে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন, বাল্য বিবাহ এবং ছেলে ধরা গুজব সম্পর্কে সচেতনতামূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি আরো বলেন, দেশের বিভিন্নস্থানে ছেলেধরা অভিযোগে গণপিটুনি দিয়ে মানুষ মারা হচ্ছে। যা কোনোভাবে কাম্য নয়। যেকোনো মূল্যে ছেলেধরা গুজব এবং গণপিটুনিরোধে থানার সকল পুলিশ সদস্যদের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে। তার আলোকে সুজানগর উপজেলার প্রতিটিএলাকায় মাইকিং করা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে সচেতনতামূলক সভা অব্যাহত রেখেছে সুজানগর থানা পুলিশ।
অত্র কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ও সুজানগর প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) শাহজাহান আলী এর সভাপতিত্বে অনুষ্ঠিত সচেতনতামূলক এ আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কলেজের সহকারী অধ্যাপক ও প্রেস ক্লাবের সহ সভাপতি তরিত কুমার কুন্ডু, কলেজের সহকারী অধ্যাপক ইমরুল হক, দেলোয়ারা পারভিন, প্রভাষক গাউসুল আযম, সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন ও সুজানগর থানার এস আই রেজাউল ইসলাম প্রমুখ।
একইদিন সকালে সুজানগর নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের উদ্দেশ্যে একই বিষয়ে সচেতনতামূলক বক্তব্য রাখেন থানা ইন্সপেক্টর (তদন্ত) হাদিউল ইসলাম। এ সময় কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন, সুজানগর থানার এস আই রেজাউল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।





No comments