সুজানগরে হোম কোয়ারেন্টাইনে টানানো হলো লাল পতাকা
এম এ আলিম রিপনঃ সুজানগর উপজেলার বিভিন্ন এলাকায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীনের ব্যক্তিগত উদ্যোগে হোম কোয়ারেন্টাইনের থাকা প্রবাসীদের বসত ঘরের সামনে লাল পতাকা টানিয়ে দেয়া হয়েছে।
বুধবার (২৫ মার্চ) দুপুরে পৌর এলাকার হোম কোয়ারেন্টাইনের বাড়ি বাড়ি গিয়ে এই পতাকা লাগিয়ে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন ।
এ সময় উপজেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান, পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ ও সাতবাড়ীয়া ডিগ্রী কলেজের প্রভাষক জাহাঙ্গীর আলম সবুজ প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন হোম কোয়ারেন্টাইনীদের আতঙ্কিত না হয়ে আরো সচেতন হওয়ার পাশাপাশি যে কোন প্রয়োজনে সরাসরি ডাক্তার ও প্রশাসনকে ফোন করার জন্য পরামর্শ প্রদান করেন।
সুজানগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান বুধবার বিকালে এ প্রতিনিধিকে জানান এখন পর্যন্ত সুজানগর উপজেলায় হোম কোয়ারেন্টাইনে রয়েছে ৪১জন। এবং করোনা ভাইরাসে আক্রান্ত ও এমন সন্দেহজনক রোগীদের কোয়ারেন্টাইনে রাখার জন্য সুজানগর হাসপাতালে ১০ টি বেড প্রস্তুত রাখা হয়েছে বলেও জানান তিনি।
উল্লেখ্য করোনা ভাইরাস প্রতিরোধে এবং জনসচেতনতা বাড়াতে উপজেলা ব্যাপী ব্যাপক প্রচার প্রচারনা চালানো হচ্ছে।




No comments