সুজানগর উপজেলা চেয়ারম্যানের আকস্মিকভাবে চিনাখড়া প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন, ১০ জনের মধ্যে ৬ জন শিক্ষকই অনুপস্থিত
এম এ আলিম রিপনঃ সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা শিক্ষা কমিটির সভাপতি শাহীনুজ্জামান শাহীন আকস্মিকভাবে উপজেলার দুলাই ইউনিয়নের ১নং চিনাখড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন। মঙ্গলবার সোয়া একটায় তিনি এ বিদ্যালয় পরিদর্শনে গিয়ে দুপুর ২টা পর্যন্ত সেখানেই অবস্থান করেন। পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের শিক্ষক হাজিরা খাতায় শিক্ষকদের স্বাক্ষর থাকলেও বাস্তবে ১০ জনের মধ্যে প্রধান শিক্ষক সহ ৬ শিক্ষককেই তিনি অনুপস্থিত পান।
অনুপস্থিতকৃত শিক্ষকরা হলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল উদ্দিন, সহকারী শিক্ষক তাসলিমা খাতুন, মৌসুমী খাতুন, বীণা রাণী, সালেহ আহমেদ ও মর্জিনা খাতুন। এছাড়া অপর সহকারি শিক্ষক ছালমা খাতুন এদিন ছুটিতে আছেন বিদ্যালয় কর্তৃপক্ষ জানালেও এ সময় ছুটির কোন লিখিত আবেদন দেখাতে পারেনি উপজেলা চেয়ারম্যানকে । এ সময় উপজেলা চেয়ারম্যান কর্মস্থলে অনুপস্থিত শিক্ষকদের বিরুদ্ধে সরকারি বিধি মোতাবেক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা প্রদান করেন।
সংশ্লিষ্ট সুত্রে জানা যায় সরকারি নিয়ম অনুযায়ী প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ছুটির দিন ব্যতিত প্রতিদিন সকাল ৯টা থেকে সোয়া ৪টা পর্যন্ত বিদ্যালয়ে উপস্থিত থাকা বাধ্যতামূলক। কিন্তু সেই নিয়ম ভঙ্গ করে চলছে প্রতিনিয়ত এক শ্রেণীর শিক্ষকেরা। চিনাখড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল উদ্দিনের কাছে বিদ্যালয়ে অনুপস্থিত থাকার বিষয়ে জানতে চাইলে তিনি ওই সময়ে মসজিদে নামাজ আদায় করতে গিয়েছিলেন বলে জানালেও অন্য শিক্ষকদের অনুপস্থিত থাকার সঠিক কারণ জানাতে পারেননি।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবু মুছা খান জানান এর আগে আমি বিদ্যালয়ে মিটিং করে শিক্ষকদের সঠিকভাবে নিয়ম অনুযাযী তাদের নিজ নিজ দায়িত্ব পালনের আহবান জানিয়েছে। এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বিধান চন্দ্র ঘোষ জানান উপজেলা চেয়ারম্যান স্যারের নির্দেশ মোতাবেক ইতিমধ্যে উক্ত বিদ্যালয়ের অনুপস্থিত শিক্ষকদের কর্মস্থলে উপস্থিত না থাকার কারণ জানতে চেয়ে নোটিশ প্রদান করা হয়েছে। এবং নোটিশের সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে উক্ত শিক্ষকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করা হবে। এ বিষয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা শিক্ষা কমিটির সভাপতি শাহীনুজ্জামান শাহীন জানান বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের পাঠদানে যে সকল শিক্ষক অবহেলা করবে এবং সরকারি নিয়ম ভঙ্গ করবে সেই সকল শিক্ষকদের বিরুদ্ধেই আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। এবং আকস্মিকভাবে বিদ্যালয় পরিদর্শনের এই ধারা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এদিকে আকস্মিকভাবে বিদ্যালয় পরিদর্শন করায় সুজানগর উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীনকে ধন্যবাদ জানিয়েছেন শিক্ষার্থীদের অভিভাবকেরা। তারা জানান এভাবে বিদ্যালয় পরিদর্শন করলে শিক্ষকেরা শিক্ষার্থীদের পাঠদানের বিষয়ে আরো আন্তরিক হবেন বলে উল্লেখ করেন।




No comments