সুজানগরে বাস চাপায় প্রাণ হারালেন স্কুল ছাত্রী
এম এ আলিম রিপনঃ সুজানগরে বাস চাপায় প্রাণ হারালেন মোছাঃ খাদিজা খাতুন (১০) নামে এক শিশু স্কুল শিক্ষার্থী। সে সুজানগর উপজেলার ভাঁয়না ইউনিয়নের হেমরাজপুর গ্রামের মোঃ হাতেম হোসেনের মেয়ে ও স্থানীয় গোপালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীতে পড়াশুনা করতো।
প্রত্যক্ষদর্শীরা জানান সোমবার (২১ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে নাজিরগঞ্জ থেকে পাবনাগামী টাপুর টুপুর নামক একটি বাস ভাঁয়না ইউনিয়নের নুরালের মোড় নামক স্থানে এসে নিয়ন্ত্রণ হারিয়ে বটগাছের সাথে ধাক্কা লাগে। এ সময় বটগাছের নিচে দাড়িয়ে থাকা মোছাঃ খাদিজা খাতুন শিশুটি বাসের ধক্কায় মারাত্বক আহত হয়। পরে তাকে প্রথমে সুজানগর এবং পরে অবস্থার অবনতি হলে পাবনা সদর হাসপাতালে নেবার পথে শিশুটি মারা যায়।
এ ঘটনায় আরো কমপক্ষে ১০ ব্যক্তি আহত হয়। আহতদের সুজানগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত খাদিজার স্বজনেরা জানান খাদিজার মা এনজিও থেকে লোনের টাকা উত্তোলনের জন্য সুজানগর যাবার জন্য বাসের অপেক্ষা করছিল। এ সময় খাদিজা তার মায়ের পিছে পিছে আসলে তার মা ১০ টাকা হাতে দিয়ে বিস্কুট কিনে খাদিজাকে বাড়ি ফিরে যেতে বলে। এ সময় খাদিজা মায়ের গাড়িতে না উঠা পর্যন্ত বটগাছের নিচে দাড়িয়ে অপেক্ষা করছিল। এর মধ্যেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে এসে তাকে ধাক্কা দেয়।
এদিকে শিশু খাদিজার মর্মান্তিক এ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।




No comments