সুজানগরে লটারীতে ভাগ্য নির্ধারণ হল ৪’শ ৪৯ জন কৃষকের
এম এ আলিম রিপনঃ সুজানগর উপজেলায় এবার আমন ধান সংগ্রহ অভিযানকে সামনে রেখে কৃষি বিভাগের তালিকা ভূক্ত সুজানগর উপজেলার মোট ৪ হাজার ২’শ জন কৃষকের মধ্যে লটারীর মাধ্যমে ৪’শ ৪৯ জন কৃষকের ভাগ্য নির্ধারিত হয়েছে।
সোমবার উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের বাস্তবায়নে সুজানগর উপজেলা পরিষদ সভাকক্ষে ধান সংগ্রহ অভিযানে অংশ নেয়া কৃষকদের এ তালিকা লটারীতে নির্ধারণ করা হয়। লটারীর মাধ্যমে এ আমন ধান সংগ্রহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা-২ আসনের এমপি আহমেদ ফিরোজ কবির।
উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান। অনুষ্ঠানে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পারভেজ আনোয়ার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন, উপ সহকারী কৃষি অফিসার সাইদুল ইসলাম, উপ খাদ্য পরিদর্শক ওয়াহিদ মোস্তফা (মিল্টন) সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পারভেজ আনোয়ার জানান সুজানগর উপজেলা থেকে ২০১৯-২০ মৌসুমে ৮৯৮ মেট্রিক টন আমন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে প্রান্তিক পর্যায়ের কৃষকদের কাছ থেকে সরকারীভাবে এ ধান সংগ্রহ শুরু করা হয়েছে।
২০২০ সালের ২৮ ফেব্রয়ারী পর্যন্ত লটারীর মাধ্যমে নির্বাচিত কৃষকেরা প্রতি কেজি ২৬ টাকা দরে সরকারের কাছে এ আমন ধান বিক্রয় করতে পারবে। আর প্রতিটি কৃষক সর্বনিম্ন ১৫০ কেজি থেকে শুরু করে ৩ মেট্রিক টন পর্যন্ত ধান বিক্রয় করতে পারবে।




No comments