সুজানগরে বেড়েই চলছে পেঁয়াজের দাম, ক্রেতাদের স্বস্তি নেই অন্যান্য নিত্য পণ্যেও
এম এ আলিম রিপনঃ উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বেশি পেঁয়াজ উৎপাদনকারী উপজেলা হিসাবে পরিচিত সুজানগর। আর এই উপজেলার বিভিন্ন হাট-বাজারেই গত এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়ে দ্বিগুন হয়েছে।
বুধবার সুজানগর পৌর হাটে গিয়ে দেখা যায় যে মাঠ থেকে উঠানো নতুন পেঁয়াজ গত বুধবারের হাটে ক্রয় বিক্রয় হয়েছে মণ প্রতি ৮০০ থেকে ১০০০টাকা, সেখানে এক সপ্তাহের ব্যবধানে ১৫ এপ্রিল বুধবারের হাটে ১৮০০ থেকে ২০০০ টাকায় ক্রয় বিক্রয় হতে দেখা যায়। আর খুচরা বাজারে আরো দাম বেড়ে বিক্রি হচ্ছে কেজি প্রতি ৬০ টাকা করে।
সুজানগর পৌর হাট সহ উপজেলার বিভিন্ন হাট বাজারে ব্যাপক নতুন উঠতি পেঁয়াজ আমদানী হলেও কি কারণে এই সময়ে দাম বৃদ্ধি পাচ্ছে তার কোন সঠিক কারণ খুঁজে পাচ্ছেনা ব্যবসায়ীরা । আব্দুল মাজেদ নামক এক পেঁয়াজ ব্যবসায়ী বলেন সামনে রোজা এবং করোনার কারণে প্রতিবেশী দেশ ভারত থেকে পেঁয়াজ আমদানী বন্ধ থাকায় হয়তো এই সময়ে পেঁয়াজের দাম বৃদ্ধি পাচ্ছে।
সুজানগর উপজেলা কৃষি বিভাগ সুত্রে জানাযায় এবারে এই উপজেলায় সাড়ে ১৬ হাজার ৫’শ হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে । আর অনুকুল আবহাওয়া ও সঠিক সময়ে সার বীজ দিতে পারায় কৃষকেরা প্রতি বিঘা জমি থেকে ৬০ থেকে ৮০ মণ পর্যন্ত পেঁয়াজ তারা ঘরে তুলতে পেরেছে। এদিকে শুধু পেঁয়াজই নয় বাজারে দাম বেড়ে চলছে চাল,ডাল,আলু,তেল সহ অন্যান্য নিত্য পণ্যেরও। যে চাল গত এক সপ্তাহ আগে ৫০ কেজির বস্তা ২২০০ টাকায় বিক্রি হয়েছে সেটি বুধবারে ২৭০০ টাকায় বিক্রি করতে দেখা যায় ব্যবসায়ীদের।
সুজানগর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান আলী বলেন সরকারের উচিত এসব নিত্যপণ্যের দামের লাগাম টেনে ধরা। তা না হলে নিম্ন আয়ের মানুষের জন্য বড় বিপদ। স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা বলেন বাজারে কোন পণ্যের সংকট নাই। তারপরও মানুষের এই সংকটে যদি কোন ব্যবসায়ী পণ্যের দাম বেশি নেয় তার বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।




No comments