সুজানগরে জনসমাগম ও যান চলাচল রোধে রাস্তায় সক্রিয় পুলিশ
এম এ আলিম রিপনঃ দেশে করোনার ভাইরাসের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় সুজানগর উপজেলায় পুলিশের তৎপরতা বৃদ্ধি পেয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী ০৫ এপ্রিল রোববার থেকে থানা পুলিশ বেলা ১১টার মধ্যে ওষুধের দোকান ছাড়া সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ নিশ্চিত করেছে এবং বন্ধ করে দিয়েছে মানুষ ও যান চলাচল। থানা পুলিশ বেলা ১১টার পরপরই পৌর বাজার সহ উপজেলার প্রধান প্রধান মোড়ে অবস্থান নিতে দেখা গেছে। এদিকে বুধবার উপজেলা সদরের বড় সাপ্তাহিক হাটও পুলিশের সক্রিয় অবস্থানের কারণে লাগতে পারেনি বলে জানা গেছে।
বুধবার (০৮ এপ্রিল) বেলা সাড়ে এগারোটার দিকে সুজানগর পৌর বাজারের হাসপাতাল গেট সংলগ্ন এলাকায় গিয়ে দেখা গেছে সেখানে সতর্ক অবস্থানে পুলিশ। পাবনা সিনিয়র সহকারি পুলিশ সুপার(সুজানগর সার্কেল) ফরহাদ হোসেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) উম্মে তাবাসসুম, থানা অফিসার ইনচার্জ বদরুদ্দোজা এবং ওসি(তদন্ত) হাদিউল ইসলাম নিজে উপস্থিত থেকে পরিস্থিতি তদারকি করছেন। এ সময় বাজারের প্রধান রাস্তা ছিল প্রায় জনমানবশুন্য। জরুরী প্রয়োজনে যারা বের হয়েছেন তাদের বাড়িতে চলে যাওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হচ্ছে। থানা অফিসার ইনচার্জ বদরুদ্দোজা বলেন জনসমাগম ও যান চলাচল রোধে পুলিশ সদস্যরা মাঠে টহল দিচ্ছেন।
এ ছাড়া খুব বেশি প্রয়োজন না হলে ঘরে থাকার পরামর্শ দেয়া হচ্ছে জনসাধারণকে। এ বিষয়ে পাবনা সিনিয়র সহকারি পুলিশ সুপার (সুজানগর সার্কেল) ফরহাদ হোসেন জানান, মানুষকে ঘরে রাখতে আমরা সর্বাত্বক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। মানুষ কথা না মানলে প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে উপজেলা প্রশাসন ও পুলিশের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে সুজানগরবাসী।




No comments