সুজানগরের নাজিরগঞ্জে নতুন করে ১ জনের করোনা সনাক্ত
এম এ আলিম রিপনঃ সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের নওয়াগ্রামে নতুন করে সোহেল রানা (৩২) নামক একজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। সে ওই গ্রামের মৃত হারুনর রশীদের ছেলে।
বুধবার রাত ৮টায় এই তথ্য নিশ্চিত করেন সুজানগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান। এ নিয়ে সুজানগর উপজেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ২ জনে।
গত রবিবার তার নিজ বাড়ী থেকে মেডিকেল টিমের সদস্যরা নমুনা সংগ্রহের পর রাজশাহী পাঠালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নুমনা পরীক্ষায় বুধবার তার করোনা ভাইরাস পজেটিভ পাওয়া যায়। আক্রান্ত ব্যক্তিটি নারায়ণগঞ্জের একটি কারখানায় কাজ করেন।
এবং গত ১৪ তারিখে সে তার নিজ গ্রাম নাজিরগঞ্জের নওয়াগ্রামে আসে। সুজানগর উপজেলা হাসপাতালের আরএমও ডাঃ সেলিম মোরশেদ জানান বর্তমানে করোনা আক্রান্ত রুগীটি নাজিরগঞ্জের নওয়াগ্রামে তার নিজ বাড়িতেই অবস্থান করছে। তবে পরীক্ষার পূর্বে তার শরীরে জ্বর, কাশি সহ অন্য কোন ধরণের লক্ষণই দেখা যায়নি বলেও জানান তিনি।
উল্লেখ্য এর আগে গত ২০ তারিখে পাবনায় সুজানগর উপজেলায় প্রথম করোনা রোগী সনাক্ত হয় আহম্মদপুর ইউনিয়নের দূর্গাপুর খন্দকারপাড়া (ঘোষপাড়া ) এলাকার মোঃ সোরহাব হোসেনের ছেলে জাহাঙ্গীর হোসেন (৩০)। বর্তমানে সে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ।
সুজানগর উপজেলায় এ নিয়ে দুইজন করোনা আক্রান্ত রুগী সনাক্ত হওয়ায় উপজেলার সকলের মধ্যে এক ধরণের আতঙ্ক বিরাজ করছে। এদিকে বিষয়টি জানার পরপরই উপজেলা প্রশাসন ও পুলিশের একটি দল গিয়ে ওই বাড়ী সহ গ্রামটি লকডাউন ঘোষণা করেছে বলে জানান সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন ।
আক্রান্ত ব্যক্তিটির পরিবারের অন্য সদস্যদেরও বৃহস্পতিবার নমুনা সংগ্রহ করা হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিঃদাঃ) আসিফ আনাম সিদ্দিকী।




No comments