সাবেক ভূমিমন্ত্রী ডিলু‘র মৃত্যুতে সুজানগর আ’লীগের গভীর শোক
এম এ আলিম রিপনঃ পাবনা জেলা আওয়ামীলীগের সভাপতি, সাবেক ভূমিমন্ত্রী, পাবনা-৪ আসনের (ঈশ্বরদী-আটঘরিয়া) সংসদ সদস্য, ভাষা সৈনিক ও মুক্তিযোদ্ধা আলহাজ্ব শামসুর রহমান শরীফ ডিলু‘র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পাবনা-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ ফিরোজ কবির,সুজানগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ আব্দুল ওহাব এবং সুজানগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন।
এক শোক বার্তায় তারা জানান শামসুর রহমান শরীফ ডিলু’র মৃত্যুতে শুধু পাবনাবাসীই নয় বাংলাদেশ একজন মুক্তিযোদ্ধা ও অভিজ্ঞ রাজনীতিবিদকে হারালো। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন এবং পাবনার আওয়ামীলীগের রাজনীতিতে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে। শোকবার্তায় মরহুমের আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।
উল্লেখ্য বৃহস্পতিবার (০২ এপ্রিল) ভোর সাড়ে পাঁচটার দিকে রাজধানী ঢাকার ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি বেশকিছুদিন ধরে ক্যান্সার, কিডনিতে ইনফেকশনসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
তিনি স্ত্রী, ৪ ছেলে ও ৫ মেয়ে রেখে গেছেন। শামসুর রহমান শরীফ ডিলু পাবনা জেলা আওয়ামীলীগের সভাপতি ও পরপর পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। বৃহস্পতিবার বিকেলে প্রবীণ এই সাংসদকে তার ঈশ্বরদীস্থ আলীবর্দী রোডের বাসভবনের সামনে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা ও গার্ড অব অনার দেওয়া হয়।
পরে তার গ্রামের বাড়ি ঈশ্বরদী উপজেলার লক্ষীকুন্ডা গ্রামে দ্বিতীয় জানাজা শেষে বাবা-মায়ের কবরের পাশে তাকে সমাহিত করা হয়। বৃহত্তর পাবনার বর্ষিয়ান এই রাজনীতিক ১৯৪০ সনের ১০ মার্চ ঈশ্বরদীর লক্ষীকুন্ডা গ্রামে জন্মগ্রহণ করেন। এ বছরই বিপ্লবী এই নেতা ৮০ বছর পূর্ণ করে ৮১তে পা রেখেছিলেন। তিনি পাবনা এডওয়ার্ড কলেজে প্রথম বর্ষের ছাত্র থাকা অবস্থায় পূর্ব পাকিস্তান ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে স্থান পান।
এছাড়া তিনি পাবনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি, পাবনা শহর শাখা আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক, ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সভাপতি, ঈশ্বরদী উপজেলা রেলওয়ে শ্রমিক লীগের সভাপতি, রেল শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি, পাবনা জেলা আওয়ামী লীগের কৃষি সম্পাদক এবং পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন।




No comments