সুজানগরে রাস্তায় ব্যারিকেড দিয়ে ট্রাক ডাকাতি, আটক-১
এম এ আলিম রিপনঃ সুজানগর চিনাখড়া রোডের খয়রান ব্রীজ এলাকায় ব্যারিকেড দিয়ে একটি ট্রাকে ডাকাতির ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটে রবিবার রাত ১০টার দিকে। এ সময় ডাকাতরা ট্রাকের গ্লাস ভাংচুর করা সহ ট্রাকে থাকা সুজানগর পৌর এলাকার মসজিদপাড়া গ্রামের মৎস্য ব্যবসায়ী শরিফুল ইসলামকে মারপিট করে তার কাছে থাকা প্রায় ৩ লাখ টাকা ছিনিয়ে নেয়।
এ সময় ডাকাতদের ছুরিকাঘাতে উক্ত শরিফুল, ট্রাক ড্রাইভার সোহেল রানা, নিরব, আশিক সূর্য ও সজিব সহ অন্তত ৭ জন আহত হন। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় একজনকে পাবনা সদর হাসপাতালে ভর্তি এবং অন্যদেরকে সুজানগর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ঘটনার পরপরই সুজানগর থানা পুলিশ পাবনা সদর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের শ্রীকোল গ্রামের হাবিল নামে একজনকে আটক করেছে। সে ওই এলাকার আব্দুর রশিদের ছেলে। ডাকাতির এ ঘটনায় মৎস্য ব্যবসায়ী শরিফুল্লাহ শরিফ কয়েকজনকে আসামী করে সোমবার সুজানগর থানায়একটি মামলা দায়ের করেছে।
মামলার ভিত্তিতে জানাযায় গত শনিবার ঢাকা মেট্রো-ন-১৭-৭৯৫৯ নম্বর ট্রাকে মৎস্য ব্যবসায়ী শরিফুল মাছের পোনা ঢাকার গাজীপুর আওয়ামীলীগের সভাপতি কামাল সিকদারের নিকট বিক্রি করে প্রায় ৩ লাখ টাকা নিয়ে রবিবার নিজ বাড়ী সুজানগর ফিরছিলেন।
এ সময় এদিন রাত ১০টার দিকে চিনাখড়া-সুজানগর রাস্তার খয়রান ব্রীজের নিকট আসলে একটি ব্যারিকেড দেখে তারা করোনায় লকডাউনের জন্য এ ব্যারিকেড দেওয়া হয়েছে ভেবে গাড়ি থেকে নেমে বাঁশের ব্যারিকেডটি সরাতে গেলে পাশেই অবস্থান করা ডাকাতরা অতর্কিত তাদের উপর হামলা চালিয়ে মারপিট ও ছুরিকাঘাত করে উক্ত টাকা সহ ড্রাইভারের কাছে থাকা আরো নগদ ৪০ হাজার টাকা ও মোবাইল ফোনগুলো নিয়ে নেয়।
এ বিষয়ে সুজানগর থানা অফিসার ইনচার্জ বদরুদ্দোজা জানান ডাকাতির এ ঘটনার তদন্তে পুলিশ অনেকদূর অগ্রসর হয়েছে। এবং অতিদ্রুতই এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের পাশাপাশি ডাকাতির নগদ টাকা ও মালামাল উদ্ধার করতে সক্ষম হবে বলে আশাকরি।




No comments